মিরসরাইয়ের পথসভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা ভোর থেকেই সমবেত হতে শুরু করেছ

মোহাম্মদ নুর হোসেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩


১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিরসরাই সদরে বিএনপির রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে।

মিরসরাইয়ের পথসভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা ভোর থেকেই সমবেত হতে শুরু করেছ। 

এখনো সময় আছে দ্রুত পদত্যাগ করুন : মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এত দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আজকে তারুণ্যের রোড মার্চ শেষ। এবার সরকার পতনের এক দফা আন্দোলন। এখনো সময় আছে, দ্রুত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করুন। নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চ মিরসরাই পৌঁছালে সেখানে পৌর সদর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ১৯১৪ এবং ১৯১৮ সালে অবৈধ নির্বাচন করেছেন। আগুন জ্বালিয়ে, সন্ত্রাস করে তা বিএনপির ঘাড়ে চাপিয়েছেন। একটা কথা আছে না, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান...এটা আর করতে দেওয়া হবে না। আমরা কারো কাছে ক্ষমতা চাই না। আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।’

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। মিথ্যা মামলা থেকে মুক্ত করে তাকে বাঁচাতে হবে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাকেও মিথ্যা মামলা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য দরকার দুর্বার আন্দোলন।’

মিরসরাইয়ের জনগণকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘মিরসরাইয়ের বীর জনগণ, আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে সংগ্রাম করে চলেছেন। আগামীতেও এ সরকারের সকল অন্যায়-জুলুমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবেন।’

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব গাজি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার প্রমুখ।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন