বিএনপি নির্বাচনী বাস মিস করবে: সালমান এফ রহমান

মোহাম্মদ নুর হোসেন
প্রকাশঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সালমান এফ রহমান। ছবি: দৈনিক নয়াবেলা
বিএনপি এক দফার দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান এফ রহমান। তিনি বিএনপিকে এক দফার দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ধরার পরামর্শ দিয়েছেন। 
শনিবার ঢাকার দোহার জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে সালমান এফ রহমান তাঁর নির্বাচনী এলাকার (দোহার-নবাবগঞ্জ) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। 

সালমান এফ রহমান বলেন, আপনারা (বিএনপি) যে আন্দোলন শুরু করেছেন সেটা কখনও সফল হবে না। জনগণই তো আপনাদের সঙ্গে নেই।

বি‌দেশিরা বর্তমান সরকার‌কে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধরনের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুযোগ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতেই ব্যস্ত তাদের এসব গুজব থেকে সজাগ থাকার আহ্বান রইল। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সং‌বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনেই হ‌বে, কেউ অংশগ্রহণ না কর‌লে নির্বাচন থে‌মে থাক‌বে না। বি‌দেশিদের একটাই চাওয়া হচ্ছে, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তা‌দের চাওয়া এবং সরকা‌রের চাওয়া এক। স্বাধীন নির্বাচন কমিশনও অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। 

বিএনপি আন্দোলন করছে ফেসবুক ও ইউটিউবে। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে। 

এ সময় সালমান এফ রহমান নেতাকর্মী‌দের উদ্দেশ্যে ব‌লেন, আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চাওয়া ছাড়াও নিরপেক্ষ ও বিরোধীদের কাছে যেয়েও ভোট চাইতে হবে। ভোট দেওয়ার যেমন স্বাধীনতা আছে তেমনি ভোট চাওয়ারও স্বাধীনতা আছে। উন্নয়নের নানা চিত্র সবার কা‌ছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাওয়ার নি‌র্দেশ দেন তিনি।

গত ১৫ বছরে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সালমান এফ রহমান বলেন, ‘দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার পথে ধাবমান। তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরও এগিয়ে যেতে হবে।’


কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন